ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাগ্নিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা, নিহত মামা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি (বোনের মেয়ে) ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে মামা নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে ইশাতকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর ব্যাপারী বাড়ীর মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি সপরিবারে থাকেন ঢাকা যাত্রাবাড়ী। সচিবালয়ের গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত।

খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য জানান।

চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্স সহ তাকে থামান। জসিম তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত টাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।