চাঁদপুরে বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর আবহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ র্যালি করেছেন ফুটবলপ্রেমীরা।
রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর, তরুণ ও প্রবীণসহ শত শত ফুটবলপ্রেমী অংশ নেন। তাদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং ফিলিস্তিন ও লেবাননের পতাকা। অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, খেলাধুলা মানুষকে যেমন ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ফিলিস্তিন ও লেবাননের নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকরা অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন