চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীর মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন: ভোলাহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। মোট প্রায় অর্ধশত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, ‘বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিয়েছি।’
উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন