ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৪ পিএম
চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে আটক করে র‍্যাব। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে আটক করেছে র‍্যাব-৫।

আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মো. মাহাতাব উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এবরান আলীকে (৫৫) আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত মোট ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।