ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদক দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪২ এএম
চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে এক নিরীহ কৃষককে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি স্থানীয় প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘আমার বাবা এবরান আলী একজন কৃষক এবং আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তিনি কখনোই মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত নন। অথচ শুক্রবার গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে প্রায় ৩ কোটি টাকার হেরোইন দিয়ে আমার বাবাকে ফাঁসিয়ে গ্রেপ্তার করান, যা সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমি একজন সাংবাদিক। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করেছে এবং হত্যার হুমকি দিয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে আইনশৃঙ্খলা বাহিনী ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করে বরং তাদের সহযোগিতায় এলাকার অসহায়, নিরীহ ও খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে হয়রানি করছে এবং মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।’

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সঙ্গে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।