ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির ঘাঁটিতে জামায়াতের জয়ের আশা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে কৌশলী জামায়াতে ইসলামী জয়ের আশা করছে।

বিএনপির আমিনুল ইসলামের (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর ড. মু. মিজানুর রহমানের (দাঁড়িপাল্লা) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এ আসনের ভোটার-সমার্থকরা মনে করছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, বিএনপির ঘাঁটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি পুনরুদ্ধার করতে দলের মধ্যকার বিভক্তি কাটিয়ে উঠে তরুণ ভোটারকে আকৃষ্ট করে ও বিগত ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি দরদী ভূমিকা কাজে লাগিয়ে এবারের নির্বাচনি যুদ্ধে জয়ের মালা বিএনপির গলায়ই উঠবে।

অন্যদিকে কৌশলী জামায়াত বিএনপির দলের ভেতরের কোন্দল কাজে লাগিয়ে ও ভাসমান ভোটারের মন জয় করে বিজয়মাল্য গলায় পরবে। চুড়ান্ত মনোনয়নের পর থেকেই বিএনপি-জামায়াতের প্রার্থী ভোটার-সমার্থকদের নিয়ে পাড়া-মহল্লায় কমিটি গঠন, গণসংযোগ ও যুগোপোযোগী প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। গত ৪ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থী তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। তার ইশতেহারে ১১টি প্রস্তাবনায় ৫৫টি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচনি প্রচারাভিযানে ভোটারদের নিকট থেকে উত্থাপিত এলাকার সমস্যা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন। উভয় প্রার্থীই এ আসনের কৃষকদের সারের প্রাপ্যতা নিশ্চিত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং জাতীয় ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।

উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে আমরা সকল প্রার্থীরা ভেদাভেদ ভুলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়তের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ইয়াহইয়া খালেদ বলেন, সাধারণ ভোটারগণ বিএনপি-আওয়ামী লীগের শাসন দেখেছেন। এবার জামায়াতকে ভোট দিয়ে তাদের ইমানি পরীক্ষা করবেন আশা করছি।