চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাদির হত্যার খবর ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে কিছু লোক সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তেজিত হয়ে উঠলে সহিংসতা শুরু করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কিছু পুলিশ সদস্য সামান্য আহত হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার মানুষ প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। পরে ৫০-৬০ জনের একটি ছোট দল আবার বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ার কারণে পরিস্থিতি শান্ত হয় এবং সেনাবাহিনীও সহায়তায় উপস্থিত থাকে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া ইটপাটকেল নিক্ষেপে জড়িত এবং সংঘটিত করার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এ ঘটনাকে হামলা বলা যাবে না। তারা বাসভনের ভেতরে প্রবেশের চেষ্টা করেনি। সামান্য ইটপাটকেল ভেতরে পড়ায় পুলিশ কিছু আহত হয়েছেন। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

