ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২২ পিএম
হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতের বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার এবং খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি গণ-অভ্যুত্থানের অগ্রভাগে থেকে একজন সাহসী সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকরের দাবি জানান।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং সহ-দফতর সম্পাদক মুফতি মুহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন: মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দিন দৌলতপুরী, মাওলানা ইউনুস, মুফতি মামুন, মাওলানা ওসমান, এনসিপি নেতা মোহাম্মদ হাসান রাশেদ, সুমন, মাওলানা হাবিবুর রহমান ও রহমত উল্লাহ।

সমাবেশে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান। তার মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।