ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঞ্চল্যকর বাবুর্চি হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫৮ পিএম
গ্রেপ্তার আসামি শওকত আলী। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী প্রধান আসামি শওকত আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নগরের ইপিজেড থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মরহুম জালাল আহমদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি শওকত চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার এলাকায় আত্মগোপনে রয়েছেন। তথ্য যাচাই শেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মো. ইউনুছ (৩৫) দিনমজুর ছিলেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে মূল অভিযুক্ত শওকত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, হত্যার ঘটনায় দায়ী প্রধান আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।