ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০১:২৮ পিএম
মো. আলী আব্বাস রিমন। ছবি : সংগৃহীত

সপ্তাহখানেক আগে কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কাবিন হওয়ার কথা ছিল। দুই বাড়িতেই চলছিল বিয়ের তোড়জোড়। কিন্তু আজ সকালে বাসের চাপায় বর মো. আলী আব্বাস রিমন (২৮) নিহত হয়েছেন।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কের ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেট এলাকার মোহাম্মদ মুছার ছেলে। আজ তার কাবিন সম্পন্ন হওয়ার কথা ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রিমন তার হবু শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে মোটরসাইকেলে আনোয়ারার ফিরছিলেন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে ফাজিল খাঁর হাট বাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটিকে কক্সবাজারগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. ফরহাদ বিন তাহের বলেন, ‘আজ বিকেলে রিমনের বিয়ের কাবিন হওয়ার কথা। দুই বাড়িতেই কত আনন্দ ছিল। কিন্তু সবকিছু বদলে গেল মুহূর্তেই। আমরা বিশ্বাসই করতে পারছি না, সে আর নেই! কনের বাড়িতে মৃত্যুর খবর পাঠানো হয়েছে।’

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।