চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য ডিএডি আবদুল মোতালেব হত্যা মামলার পলাতক আসামি আলী রাজ হাসান ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৫ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত আসামি আলী রাজ হাসান ওরফে সাগর কক্সবাজার সদর থানাধীন এলাকায় অবস্থান করছেন। পরে শনিবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ দল।
এর আগে গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৭-এর একটি দল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী অতর্কিতে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে চিকিৎসক ডিএডি আবদুল মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন র্যাব সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় র্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করে। মামলাটি গত ২২ জানুয়ারি দায়ের করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


