ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনের দিন নিজ সন্তানের ‘মুখ’ চিন্তা করে দায়িত্ব পালন করতে হবে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, রক্তের বিনিময়ে আমাদের এই দেশ আজকের অবস্থানে এসেছে। এই রক্তের সাথে বেইমানি করা যাবে না। তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন নিজের সন্তানের মুখ চিন্তা করে দায়িত্ব পালন করতে হবে। কারণ তারাই ভবিষ্যতে বড় হবে। আজকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই নির্ধারিত আগামীর বাংলাদেশ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতাহীনতা, স্বজনপ্রীতি কিংবা শৈথিল্যের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কার্যক্রম সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ভোটারদের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ থাকবে। তাই ভোট গ্রহণকারী কর্মকর্তাদের গণভোটসংক্রান্ত বিধিবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ভোটারদের সঠিক তথ্য জানাতে হবে। বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কারো কোনো দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে। তবে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেই ভালোবাসা প্রকাশ করা যাবে না। ভালোবাসা থাকতে হবে কেবল রাষ্ট্রের প্রতি এবং নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাক আহমদ এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সাতকানিয়া উপজেলার ১২৬ জন প্রিসাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৪২০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।