ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম বরদাশত করা হবে না : জেলা প্রশাসক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে আনোয়ারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপরই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’ প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত তৎপরতা থাকবে উল্লেখ করে তিনি জানান, ভোটাররা যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহা. মোয়াজ্জেম হোসেন সরকার ও লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপির পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ এবং চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা এবং আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।