ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৯ জন। এর মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮১৮ জন পুরুষ ও ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন মহিলা এবং ৪ জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে।
বাঁশখালী পৌরসভা এবং পুকুরিয়া, সাধানপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, চাম্বল, গন্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি ও চনুয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে-এ আসনে ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৭৮ ভোট। গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আরিফুল হক ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট। ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা আব্দুল মালেক চেয়ার প্রতীকে পেয়েছেন ৮১১ ভোট। মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক হারিকেন প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন