চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়। চন্দন দে পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় ঢুকে স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করছিল। চন্দন দে যখন নিজের গোয়াল থেকে একটি গরু রক্ষার চেষ্টা করেন, তখন তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, চন্দন দের গোয়ালে ৩টি গরু ছিল, যার মধ্যে একটি ডাকাতরা লুট করে নিয়েছে। পাশাপাশি পাশের আরেকটি গোয়াল থেকেও আরও দুটি গরু ডাকাত দল লুট করেছে।
চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


