ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবৈধভাবে মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:০৫ এএম
অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আটকরা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মোবাইল কোর্ট অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে অভিযানের তথ্য ফাঁস করছিল।

ফলে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে গেলেও একাধিকবার অভিযান ব্যর্থ হয়। অভিযানের তথ্য ফাঁস হওয়ায় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও মিনি ড্যাম্পার ট্রাক নিয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

সর্বশেষ সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকনের নেতৃত্বে অভিযানকালে জালিয়াঘাটা এলাকায় একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিমের (৪৫) ফোনকল রেকর্ডে দেখা যায়, অভিযানের তথ্য সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিচ্ছিলেন তারা।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মোবাইল কোর্ট অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের সতর্ক করে পালাতে সহায়তা করতেন। বিনিময়ে চক্রটি মাটি কাটার লভ্যাংশ ভোগ করত।

ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের রায়ে মো. রিদুয়ানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল আলম ও মো. ইব্রাহিমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, মো. রিদুয়ানের বিরুদ্ধে এর আগেও বাঁশখালীর পাহাড়ি অঞ্চলে অবৈধ মাটি কাটার একাধিক অভিযোগ থাকলেও এবারই প্রথম তাকে মোবাইল কোর্টের অভিযানে আটক করা সম্ভব হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, বাঁশখালী উপজেলার দুটি স্থানে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মো. রিদুয়ানকে ছয় মাস এবং নুরুল আলম ও মো. ইব্রাহিমকে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কৃষি ও প্রকৃতি রক্ষায় মাটি কাটার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে অনুরোধ জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।