পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ উপলক্ষে তাদের বর্তমান জীবনযাপন ও পুনর্বাসন পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
বুধবার (১৮ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র্যাব-৭-এর সদর দপ্তরের এলিট হলে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারপ্রাপ্তরা মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
র্যাবের ধারাবাহিক অভিযানের ফলে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে বলে জানায় সংস্থাটি।
অনুষ্ঠানে র্যাব-৭, চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র্যাবের এই কল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তারা ভবিষ্যতেও সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন