ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, আটক ৩

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:২২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাঁশখালী থানাধীন বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক তিনটি ঘটনায় মোট ৩ টি ডাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৩ টায় বাঁশখালী থানাধীন ২ নং সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল হতে অনুমতি ব্যতিরেকে বালু উত্তোলনপূর্বক ডাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় বালুভর্তি একটি ডাম্পার ট্রাকসহ চালক নেজাম উদ্দীনকে (৪০) আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই তারিখে বাঁশখালী থানাধীন ৩ নং খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে অনুমতি ছাড়া ভূগর্ভস্থ মাটি উত্তোলনকালে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ২টি ডাম্পার ট্রাক আটক করা হয়।

এর মধ্যে একটি ট্রাকের চালক আজম খানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাধ্যমে (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই দিন দুপুর আনুমানিক ১২টায় বাঁশখালী থানাধীন ১২নং ছনুয়া ইউনিয়নের পশ্চিম প্রেমবাজার এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের আরেকটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ডাম্পার ট্রাকসহ চালক মো. আকাশকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেন।

বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।