ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ মজুত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত একটি পুরোনো কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারা দেশে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই ডিপোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেলের সন্ধান পায়।

অভিযানকালে উপস্থিত ছিলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ। এ সময় র‍্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।