ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আহত ছাত্রদল নেতার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার কয়লাবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে কয়লাবাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটক করে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, গরুগুলো বদ্ধভবানী এলাকার বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের আশ্রয়ে আনা হয়েছিল, যা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ট্রাকটি আটকে চাঁদা দাবি করে স্থানীয় যুবদল নেতা সবুজ ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুমন নামে এক ব্যক্তিকে মারধর করা হয়।

পরে বিষয়টি জানাতে আব্দুর রহিম বিএনপি নেতা আব্দুল আলিমকে ফোন করেন। তিনি নিজে যেতে না পারায় ছেলে শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাঠান। কিছু সময় পরই তাদের ওপর হামলার খবর পাওয়া যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত হৃদয়ের বাবা আব্দুল আলিম দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, অবৈধ গরু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাই তার ছেলেকে ফাঁদে ফেলে হত্যা করেছে। পাঁচদিন চিকিৎসার পরও ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত মো. টিপু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই রাতে তার ভাই সুমনের ওপর হামলা চালানো হয়েছিল এবং হৃদয় ও আনোয়ারের ওপর কারা হামলা করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, নিহত হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, সংঘর্ষে আহত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।