চট্টগ্রাম নগরীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫)–কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া যুবক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনোয়ারা উপজেলার সক্রিয় কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (২ মে) নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সিএমপির এক বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. আরিফুল ইসলাম (২৫) আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের মো. হেফাজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তিনি কক্সবাজার জেলার বিভিন্ন মাদক উৎস থেকে কম দামে সংগ্রহ করে ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। আসামির বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়া যুবক আরিফের ব্যক্তিগত ফেসবুকে আনোয়ারা উপজেলায় এনসিপির রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করা যায়। এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিকের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি দেখা গেছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিককে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



