ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে : দীপেন দেওয়ান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০২:৫৮ পিএম
বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রসারের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি বলেন, চট্টগ্রামের এই অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের জাতীয় বৈচিত্র্যের এক অনন্য প্রতিচ্ছবি।

শনিবার (৯ মে) রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবারসমূহ এই ‘বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসব-২০২৬’-এর আয়োজন করে।

চট্টগ্রামে কর্মরত পার্বত্য চট্টগ্রামের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজেকে ও দেশের মানুষকে ভালোবাসুন। আপনাদের পরিচয়, ঐতিহ্য ও কৃষ্টি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের উদ্ভাবনী চিন্তা ও উন্নয়নমূলক কাজ দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধিতে নিবেদন করুন।

দীপেন দেওয়ান আরও উল্লেখ করেন, পার্বত্য জনগোষ্ঠীর মানুষ তাদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। প্রকৌশলী ও চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহংকার। আমরা গর্বিত বাংলাদেশি। পার্বত্য অঞ্চলের মানুষ স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছেন।

বক্তব্যে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী পাহাড়ি মানুষদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার পরিচয় ও অধিকারকে যথাযথ স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সব সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সবসময় পার্বত্যবাসীর কল্যাণে পাশে থাকবে।

প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাহাড়ি প্রকৌশলী, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।