ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ মামলার আসামি ‘জাম্বু’ গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ইপিজেড থানার বিশেষ অভিযানে ১১ মামলার আসামি ও ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে জাম্বু (৩৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তিনি ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামের বাড়ি বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটি পরিচালিত হয় উপপুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনারের (বন্দর) নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মহানগর এলাকায় ছিনতাই, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান রয়েছে। পলাতক আসামি ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।