ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে নারী নিহত, আহত ২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার জহুরুল আলমের স্ত্রী।

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে একইমুখী একটি ডাম্প ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একপর্যায়ে ট্রাকটি পাশের মোহাম্মদীয়া বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে।

এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী, পথচারীসহ অন্তত ২৫ জন আহত হন।

দুর্ঘটনার পর বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কে এম হক বলেন, ‘দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে।