চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা ফোনে যোগাযোগ করতে না পেরে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মরহুম আনোয়ারুল হকের ছেলে। প্রায় ৩২ বছর ধরে বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, তার দুই স্ত্রী রয়েছেন। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তার দাবি, গত চার দিন ধরে আজিজুল হক বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসআই আজিজুল হক স্ট্রোকে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকও এটিকে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের সদস্যরা লোহাগাড়ায় পৌঁছানোর পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।

