আর মাত্র দুই দিন পর পর্দা নামতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের। তবে বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় বায়ুর মানের অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফিফা ও যুক্তরাষ্ট্র সরকার।
সিবিএস স্পোর্টস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগে বায়ুর মানের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বর্তমানে অবশ্য সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই নির্ধারিত সময় অনুযায়ী ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত আবহাওয়া ও বায়ুর মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, কানাডা–মিনেসোটা সীমান্তসংলগ্ন এলাকায় জ্বলতে থাকা শতাধিক দাবানলের ধোঁয়া ইতোমধ্যে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। দূষিত বায়ুর কারণে মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে।
হোয়াইট হাউসও বিষয়টিকে বিশ্বকাপ আয়োজনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন কর্মকর্তা ফিফার সদর দপ্তরে কাজ করছেন এবং আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।
এদিকে, নিউইয়র্ক সিটি এফসির ডিফেন্ডার কেভিন ও'টুল জানিয়েছেন, অনুশীলনের সময় ধোঁয়ার প্রভাব স্পষ্টভাবেই অনুভব করেছেন তিনি। তবে এতে বিশ্বকাপের মতো বড় আসরের আয়োজন ব্যাহত হবে বলে মনে করেন না।
কেভিন বলেন, আজ সকালে অনুশীলনে গিয়ে দেখেছি বায়ুর মান অবশ্যই একটি বিষয় ছিল। তবে এটি আমাকে অনুশীলন থেকে বিরত রাখেনি।
সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত ফিফা ফাইনালের সূচিতে কোনো পরিবর্তন আনছে না। তবে স্বাস্থ্য ও আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে ম্যাচ শুরুর আগ পর্যন্ত পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হবে। প্রয়োজন হলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগও খোলা রাখছে আয়োজকরা।
এ মুহূর্তে সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মহারণ।

