গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে প্রায় দেড় ঘণ্টা পর রাত ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই সন্ধ্যার পর স্থানীয় এক ব্যবসায়ী শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরদিন অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও পুলিশ মামলা গ্রহণে বিলম্ব করে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে পুলিশ প্রথমে মামলা নেয়নি এবং জনতার হাতে আটক হওয়া অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে মামলা গ্রহণে বিলম্ব বা পুলিশের গাফিলতির অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

