ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:০৩ পিএম
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয় এবং বিকেল ৩টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, পরিবারের পরামর্শে দ্রুত উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

এরশাদ উল্লাহর একান্ত সচিব মো. আরিফ মুন্না বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। নিজস্ব ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে হামলায় আহত এরশাদ উল্লাহর সহযোগী এরফানুল হক শান্ত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এরশাদ উল্লাহ নিয়েছেন বলে জানিয়েছেন সচিব আরিফ মুন্না।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় তার বুকের ডান পাশ ও পায়ে গুলি লাগে। ওই হামলায় সারোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।