চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমত নগর এলাকায় পুকুরে গোসল করতে নেমে নুরুল আলম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নিজ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন নুরুল আলম। এ সময় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান।
দীর্ঘ সময় তাকে না দেখে স্বজনদের সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিশ ফুট গভীর পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, গোসলের সময় অসুস্থতা বা পানিতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমত নগর এলাকায় এক ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে আমাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় ২০ ফুট গভীর পানিতে দীর্ঘ অনুসন্ধানের পর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।


