চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা নিজ হাতে পরিষ্কার করে সেবা প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টি এইচ ও সার্জারি কনসালটেন্ট ডা. শ্যামল কুমার পাল, আরএমও ডা. মোস্তাফিজুর রহমানসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, থানা আমির মাওলানা সাজিদুর রহমান, থানা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি রুহুল আমিন বলেন, 'জীবননগরের জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে যা যা প্রয়োজন, সবকিছুই করা হবে। এ হাসপাতালটি দীর্ঘদিন অবহেলিত ছিল। স্থানীয়দের কাছ থেকে নানা সমস্যার কথা শুনেছি। যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানে কাজ করা হবে।'
তিনি জানান, নানা কারণে হাসপাতালের অপারেশন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এমপি রুহুল আমিন আরও বলেন, 'সরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ সহজে, মানসম্মত ও সাশ্রয়ী সেবা পান—সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলা হবে।'

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন