চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) ইফতারের পর মাধবখালী মণ্ডলপাড়া ও খানপাড়ার লোকজনের মধ্যে পূর্ববিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে খানপাড়ার মোহাম্মদ লিখন (২২) ও খানজাহান খান (৪৫) আহত হন। গুরুতর আহত খানজাহান খানকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মণ্ডলপাড়ার রোজিনা (৩৮), নাজমা (৫২), তৃষ্ণা (৩৩) ও দুর্জয় (২৪) আহত হয়েছেন।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আহত লিখনের দাবি, মণ্ডলপাড়ার কয়েকজন তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে আহত রোজিনা অভিযোগ করেন, খানপাড়ার লোকজন তাদের মারধর করেছে।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। নতুন কমিটি গঠনের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

