চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।
জানা যায়, আজাদ হোসেনসহ ২-৩ জন মিলে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে মাদকদ্রব্য আনতে যাচ্ছিলেন। শূন্যরেখা দিয়ে সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশের সময় দায়িত্বরত বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
সীমান্তের ৬৫/১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে আজাদ হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত অবস্থায় তাকে স্বজনরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সাথে যোগাযোগের চেষ্টা করলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালে জরুরি বিভাগে শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত নিয়ে আজাদ হোসেন নামের একজন ব্যক্তি আসেন। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আজাদ হোসেন নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় ছররা গুলিতে আহত হয়েছেন বলে শুনেছি। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে আমার জানা নেই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন