ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। এতে প্রায় ছয় শতাধিক আর্জেন্টিনার সমর্থকরা অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত শোভাযাত্রায় সমর্থকরা কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেল, কেউ আবার ভ্যানে করে অংশগ্রহণ করেন।
এর আগে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা প্রিয় তারকার ছবি, আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে। তবে এ বছর ২ হাজার ফুট পতাকাসহ ব্যান্ড পাটি নিয়ে এ শোভাযাত্রা করা হয়।
এ সময় মো. শামসুজ্জোহা রানা ও মো. আদিবসহ একাধিক সমর্থক বলেন, এবারে বিশ্বকাপ জয়ী হওয়ার ক্ষমতা আছে শুধু আর্জেন্টিনা দলের। তারা ২০২৬-এর ফিফা বিশ্বকাপ জয় করে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ান হবে। এসময় প্রথম ম্যাচ ভালো না খেলায় ব্রাজিল ভক্তদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তারা।

