ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুকে ভাইরাল বিএনপি নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও, এলাকায় তোলপাড়

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

‎জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎প্রায় এক মিনিটের ভিডিওতে একটি কক্ষের মধ্যে কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। সেখানে একজন ব্যক্তিকে একটি যন্ত্রে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে দাবি ওঠে, ওই ব্যক্তি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটির সত্যতা, ধারণকালের সময় এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি, যিনি মাদক সেবনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত বলে দাবি করেন, বলেন, ভিডিওতে যে যন্ত্র ও পদ্ধতি দেখা যাচ্ছে, তা ইয়াবা সেবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

‎এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি কি না, সেটিও যাচাই করা হবে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার দায় নেবে না এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে বক্তব্য জানতে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

‎তবে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। আমার মোবাইলে বর্তমানে ইন্টারনেট সংযোগ নেই। তাই ভিডিওটি দেখতে পারিনি। তবে ভিডিওটি দেখার চেষ্টা করছি। ভিডিও দেখে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারব।