ফুটবল বিশ্বকাপ-২০২৬ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। এ উন্মাদনার ছোঁয়া লেগেছে ঝিনাইদহের জনপদে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে দলটির সমর্থকরা। এতে আকাশি-সাদা রঙের ঢেউয়ে যেন ছেয়ে যায় পুরো ঝিনাইদহ শহর।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী শত শত আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, মিনি ফ্ল্যাগ এবং রঙিন বেলুন। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকেরা বহন করেন। এছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম ও রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
শোভাযাত্রা শুরুর আগে শহীদ মিনার চত্বরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলান্টিয়ার মেহেদী হাসান জিকু, কিপার ভলান্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলান্টিয়ার সামিউল পারভেজ সামি এবং ডিফেন্ডার ভলান্টিয়ার সুলতান আল এনাম সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় ইনজামামুল হক, সোহাগ, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন ও রানা সহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই আয়োজন সফল হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা দারুণ পারফরম্যান্স করবে। পাশাপাশি একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে খেলবে। এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, শেষ পর্যন্ত জয় হোক ফুটবলের।

