ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক স্থানে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুইবার আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও  বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল্যবান চিকিৎসাসামগ্রী পুড়ে গেছে।

ওবাটের হেলথ কোঅর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই হেলথপোস্ট থেকে আশপাশের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন পরিস্থিতিতে অনেকে হতাশ হয়েছেন। রোহিঙ্গা মোহাম্মদ রফিক বলেন, এই হাসপাতাল ক্যাম্পে আমাদের পরিবারের ভরসাস্থল হয়ে উঠেছিল। পুড়ে গেছে দেখে খুব খারাপ লাগছে। কারণ এখান থেকে আমরা নিয়মিত চিকিৎসা নিতাম।

ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় কাজ করছে। কেউ আহত হয়নি। কীভাবে আগুন লেগেছে, তা পরে বলা যাবে।

এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ঘর পুড়ে যায়।