ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসহায়দের ফ্রি চিকিৎসা ও ওষুধ দিচ্ছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৪২ এএম
সীমান্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ বিজিবির। ছবি : রূপালী বাংলাদেশ

টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফে অবস্থিত ২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় কয়েক মাস পরপর ধারাবাহিকভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ঋতু পরিবর্তনের ফলে নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষের মধ্যে নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এক দিনব্যাপী একটি চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। যেখানে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, টেকনাফের প্রান্তিক এলাকা হওয়ায় তার ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো অসহায় পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। বিজিবির এপিবিএস চিকিৎসকদের মাধ্যমে এ সেবা দেওয়া হয়। এখানে ছেলে রোগীদের জন্য পুরুষ ডাক্তার এবং নারী রোগীদের জন্য নারী ডাক্তার নির্ধারণ করা হয়েছে। এর ফলে হতদরিদ্র পরিবারগুলো সঠিকভাবে প্রাথমিক চিকিৎসাসেবা পাচ্ছে। এ ধরনের মানবিক ও মহৎ উদ্যোগের জন্য তিনি বিজিবিকে ধন্যবাদ জানান।

স্থানীয় সেবাপ্রার্থীরা জানান, তারা দিনমজুর মানুষ দিন এনে দিন খেতে হয়। অসুস্থ হলেও ডাক্তার দেখানোর মতো আর্থিক সামর্থ্য নেই। বিজিবি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছে শুনে তারা ক্যাম্পে এসেছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন।

সেবাপ্রার্থীরা আরও বলেন, গরিব মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। বিজিবির এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। নারী ও শিশুসহ সকলের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এক দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করছি। স্থানীয় প্রান্তিক জনগণের সঙ্গে পরামর্শ করেই আমরা এই চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, টেকনাফ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের বাংলাদেশি নাগরিকদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা দিতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।