ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৮ জেলে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৩৪ পিএম
কক্সবাজার সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন জেলেকে আটক করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটটি তল্লাশি করে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের প্রায় ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৮ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। পাশাপাশি বোটের মালিক পক্ষ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয় এবং নিলাম ও জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ ধরা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।