গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাইযোদ্ধাদের অবদানের ফলেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরির হলরুমে গণভোটের কার্যক্রম-সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি দেশ চাই, যা হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।
আদিলুর রহমান খান বলেন, জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। তাই জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।


