ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৪ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্যাম্পটির ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শেড ও ঘরগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এর আগেও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায়। এর আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দশটির বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।