ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের পেকুয়ায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে সেনাবাহিনী, বিজিবি ও থানা পুলিশের সমন্বিত তৎপরতা বাড়ানো হয়েছে।
জানা যায়, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পেকুয়া উপজেলায় সেনাবাহিনীর চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে মোট ৪৪৯ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবির পাঁচ প্লাটুনের একটি ক্যাম্পসহ প্রায় ১০০ জন বিজিবি সদস্য এবং পেকুয়া থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য মাঠ পর্যায়ে নিয়োজিত রয়েছেন।
এদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান মাহাবুবের নেতৃত্বে একটি সমন্বিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন কোথাও না কোথাও মহড়া দিয়ে যাচ্ছে।
মহড়ায় অংশ নিচ্ছে পেকুয়া উপজেলা (১৬ ক্যাভেলারি/৯ ইঞ্জিনিয়ার) সেনাবাহিনীর ইনচার্জ, পেকুয়া বিজিবি ক্যাম্প ইনচার্জ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আকতার নিলয় এবং পেকুয়া থানার ওসি খায়রুল আলম।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মহড়াটি পুরো উপজেলা প্রদক্ষিণ করে এবং এ সময় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে।
সেনাবাহিনী সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে বিদ্যমান অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি আরও তিনটি নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ক্যাম্প-১ পেকুয়া ক্রীড়া কমপ্লেক্সে অবস্থিত। বিএ-৯৪৪২ মেজর শাফায়াত ইনজামামের নেতৃত্বে এখানে ২০৩ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।
ক্যাম্প-২ পেকুয়া ডাকবাংলোতে স্থাপিত, যেখানে বিএ-৭৭৩৩ লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আসিফুজ্জামানের নেতৃত্বে ৭৭ জন সেনাসদস্য রয়েছেন।
ক্যাম্প-৩ উজানটিয়া ইউনিয়ন পরিষদে অবস্থিত। ক্যাপ্টেন ইনামুল হকের নেতৃত্বে এখানে ৪৬ জন সেনাসদস্য নিয়োজিত আছেন।
এ ছাড়া রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আর্মি ক্যাম্প (স্পেশাল স্ট্রাইক গ্রুপ–০২)-এ মেজর রাফিতের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন ১২৩ জন সেনাসদস্য।
সব মিলিয়ে নির্বাচনপূর্ব সময়ে পেকুয়া উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ প্রায় ছয় শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি লক্ষ করা গেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান মাহাবুব বলেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ মহড়া।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন