ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কক্সবাজারে গিয়ে বিশ্ববাসীর প্রতি যে আহ্বান জানাল ওজিল-বিলাল

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:২৯ এএম
রোহিঙ্গা ক্যাম্পে ফুটবলার ওজিল। ছবি : সংগৃহীত

জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান–এর নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী আশ্রয়শিবির পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি ব্যক্তিগত উড়োজাহাজে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাঁদের স্বাগত জানান।

১৩ সদস্যের প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা ছিলেন।

শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় সভায় বিলাল এরদোয়ান বলেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে হলে এখন থেকেই শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন জরুরি।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক সহায়তা কমে গেছে। ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিশ্ববাসীর দৃষ্টি আবারও এ মানবিক সংকটের দিকে আকৃষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তুর্কি সংস্কৃতি অনুযায়ী রমজানের প্রথম ইফতার পরিবারের সঙ্গে করার প্রচলন রয়েছে। রোহিঙ্গাদেরও তারা নিজেদের পরিবারের সদস্য মনে করেই তদের সঙ্গে ইফতার করেছেন।

তিনি আরও বলেন, আট বছর ধরে রোহিঙ্গারা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকলেও আর্থিক ও কূটনৈতিক জটিলতায় তা সম্ভব হয়নি। ফলে শিবিরে নানা সংকট তৈরি হয়েছে। তুর্কি প্রতিনিধি দল বিশ্ববাসীকে রোহিঙ্গা সংকট ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার, তুর্কি ফিল্ড হাসপাতাল, টিকা মিউজিক স্টুডিও এবং কম্পিউটার ও রোবটিক্স ল্যাব উদ্বোধন করেন। পরিদর্শনকালে তাঁরা শরণার্থীদের বসবাসের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মাঠে আয়োজিত প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। এ সময় বিলাল এরদোয়ান মঞ্চে বসে খেলা উপভোগ করেন। দর্শকদের “ওজিল, ওজিল” ধ্বনিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। ম্যাচটি ক্যাম্পের শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।

দিনের শেষ পর্যায়ে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শিবির ত্যাগ করে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা হন। সফর শেষে রাতে ঢাকায় ফিরে কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।