ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চকরিয়ার মাতামুহুরী নদীর চোরাবালিতে গোসল করতে গিয়ে দুই কিশোরী মারা গেছেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে গেছেন। আকস্মিক এ ঘটনায় নদীতীরবর্তী দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা ঘটে সোমবার (৯ মার্চ) বিকেল চারটার দিকে, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে মাতামুহুরী নদীতে।

মারা যাওয়া দুই কিশোরী হলেন- মৌলভীরচর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা জান্নাত (১২) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

মায়মুনা জান্নাতের পিতা জামাল উদ্দিন জানান, তারা কয়েকজন বান্ধবী নদীতে গোসল করতে যায়। নদীতে নামার সঙ্গে সঙ্গে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে তলিয়ে যায় দুই কিশোরী। এ সময় অন্য দুই কিশোরী সাঁতরে তীরে উঠে বেঁচে গেছেন, কিন্তু মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার কয়েকটি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন হচ্ছে। এসব বালু উত্তোলনের ফলে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

বিগত কয়েক বছরে এসব চোরাবালে তলিয়ে গিয়ে বেশ কয়েকজন শিশুর মৃত্যু ঘটেছে। স্থানীয়রা দাবি করেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

মৃত দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসাইন জানান, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।