কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জীম্বংখালী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে।
এ ছাড়া হোয়াইক্যং বিওপির টহলদল পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অন্যদিকে হ্নীলা বিওপির একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ২ লাখ পিস ইয়াবা। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
বিজিবি আরও জানায়, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন