কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ মাঠে দুর্বৃত্তদের তাণ্ডবে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত দুলা মিয়ার ছেলে চৌকিদার আব্দু সালাম ১৫ বছর আগে ৫১ শতক জমি ক্রয় করেন। সেই থেকে তিনি কোনো ধরনের বিরোধ ছাড়াই জমিতে লবণ চাষ করে আসছিলেন। সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওই জমির প্রতি লোভনীয় দৃষ্টি দেন একই এলাকার শওকত ও তার সহযোগীরা। জমি দখলের উদ্দেশ্যে তারা বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, এর আগেও একাধিকবার লবণ মাঠের পলিথিন কেটে ক্ষতি করা হয়েছে। বাধা দিতে গেলে শওকতের গ্যাং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। ভুক্তভোগীদের মারধরও করেন। এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়েছে।
সর্বশেষ রোববার রাতে শওকতের নেতৃত্বে লোকমান, আখতার হোসেন ও কালুসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল লবণ মাঠে হামলা চালিয়ে পলিথিন কেটে দেয়। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

