বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন মাদক পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা আগে থেকে লবণক্ষেতে অবস্থান নিয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে ধাওয়া করে নাফ নদীর তীরবর্তী এলাকা থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুই পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পোটলায় বায়ুরোধী পাঁচ কার্টনে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির আরেকটি টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে মো. সিফাত (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে উদ্ধারকৃত ৭০ হাজার পিস ইয়াবার আনুমানিক সিজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


