ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে তাদের মরদেহ দেখতে পায় কাঠুরিয়ারা।

নিহতরা হলেন- স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ও রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনা তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

তবে, কেন এবং কী কারণে তাদের হত‍্যা করা হয়েছে সে বিষয়ে নির্ভরশীল কোনো তথ‍্য পাওয়া যায়নি।