কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়।
আনুমানিক রাত পৌনে ৯টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪,২০,০০,০০০ (চার কোটি বিশ লাখ) টাকা।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন