ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজার থেকে পর্যটকের মরদেহ উদ্ধার, সঙ্গী উধাও

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার শহরের এন্ডারসন রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ নামে এক পর্যটকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের এন্ডারসন রোডস্থ হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে হোটেল কর্মীরা কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে মরদেহটি কক্ষে পড়ে থাকায় এটি অর্ধগলিত হয়ে যায়।

এদিকে, অর্জুন দাশের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।