কক্সবাজারের কুতুবদিয়ায় একটি অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়া এলাকায় নেজাম উদ্দিনের মালিকানাধীন গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ গ্যারেজে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গ্যারেজে থাকা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
গ্যারেজে থাকা ২৫ থেকে ২৬টি অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া নগদ প্রায় ৬০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প ও দলিলপত্রও পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, নেজাম উদ্দিনের গ্যারেজে প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়া হতো এবং সেখানেই রাখা হতো। অটো চালিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করতেন।
কেউ কেউ ধার-কর্জ ও ঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন। এখন তারা চরম আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


